


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটাকে কেন্দ্র করে ছোট ভাই ফয়সালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই মোর্শেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ফয়সাল (৩৫) ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। পুলিশ অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোর্শেদের স্ত্রী একটি কারখানায় কাজ করেন। বুধবার রাতে নাইট শিফটে ডিউটি শেষে বৃহস্পতিবার সকালে তিনি বাড়িতে এসে ঘুমাচ্ছিলেন। সেই সময় ঘরের পাশে শিশুরা হৈ-চৈ করলে মোর্শেদ তাদের বকাঝকা করেন। ছোট ভাই ফয়সাল এতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এরপর দুপুরে তারা বাড়িতে ফিরে আবারও বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মোর্শেদ ঘর থেকে দা নিয়ে এসে ফয়সালকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ধরণ দেখে এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিকেলে স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।