Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্থানান্তরিত হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল, পুনঃস্থাপন হবে যথাযথ নকশায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

স্থানান্তরিত হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল, পুনঃস্থাপন হবে যথাযথ নকশায়

January 23, 2026 01:04:21 PM   অনলাইন ডেস্ক
স্থানান্তরিত হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল, পুনঃস্থাপন হবে যথাযথ নকশায়

ঢাকা–সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পের আওতায় নরসিংদী জেলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত একমাত্র ম্যুরালটি সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে। সড়ক নির্মাণকাজের কারণে ভাঙা হলেও যথাযথ নকশা ও বর্তমান ম্যুরালের আদলে সড়ক নির্মাণ শেষে এটি পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগরে অবস্থিত ম্যুরালটি গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপদ অধিদপ্তর এবং ছয় লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের সম্প্রসারণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাজ শেষে সড়কের পাশেই ম্যুরালটি পুনরায় স্থাপন করা হবে।

তবে ম্যুরালটি সরিয়ে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একটি মহল এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যার ফলে নেটিজেনদের মধ্যে ভুল বোঝাবুঝি ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই ম্যুরালটি দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ও গর্বের প্রতীক হিসেবে পরিচিত ছিল। তবে ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ায় উন্নয়ন প্রকল্পের স্বার্থে এটি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, ম্যুরালটি যথাযথ সম্মান বজায় রেখে পুনরায় স্থাপন করা হোক।

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের অংশ হিসেবেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালটি সরানো হয়েছে। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। তিনি আরও বলেন, জেলা সড়ক বিভাগ তাদের নিজস্ব অর্থায়নে আগের নকশা অনুসরণ করেই সড়কের পাশে ম্যুরালটি পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে, তা বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।