


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইরাক থেকে হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবে প্রবেশ শুরু করেছে। রোববার দেশটির উত্তরের জাদিদাত আরার সীমান্ত অতিক্রম করে ইরাকি হাজিদের প্রথম দল সৌদিতে পৌঁছায়।
উত্তর সীমান্ত অঞ্চলের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ-এর তত্ত্বাবধানে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে প্রবেশের আনুষ্ঠানিকতা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।
হজযাত্রীদের সেবায় নিয়োজিত সংস্থাগুলো স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। সৌদি আরব সরকারের নির্দেশনায় হাজিদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় ইবাদত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সীমান্তের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, চলতি হজ মৌসুমে স্থল, আকাশ ও সমুদ্রপথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের দ্রুত সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের হজযাত্রীদের সহায়তায় বহুভাষাজ্ঞানসম্পন্ন জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
ইরাকি হজযাত্রীদের আগমনে সীমান্ত এলাকা এখন মুখরিত। আগামী দিনগুলোতে আরও বড় বড় কাফেলা এই পথ দিয়ে পবিত্র মক্কা ও মদিনা-র উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।