Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

May 02, 2026 12:40:13 PM   অনলাইন ডেস্ক
সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

দেশের ৯টি অঞ্চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের একাধিক অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এই প্রভাবে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।