Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আইন আদালত / সাবেক এমপি বুবলীকে নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সাবেক এমপি বুবলীকে নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

May 04, 2026 07:46:19 PM   অনলাইন ডেস্ক
সাবেক এমপি বুবলীকে নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে আদালত গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নাশকতার অভিযোগে থাকা পৃথক একটি মামলায়ও তার সম্পৃক্ততার বিষয় তদন্তাধীন রয়েছে।

সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

আদালতে উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম বুবলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, মামলার ঘটনায় তার ঘনিষ্ঠতা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অন্যদিকে, বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু দাবি করেন, তার বিরুদ্ধে আনা অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন এবং কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, বুবলীর দুই সন্তান রয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ বাস্তবসম্মত নয়, তাই তাকে জামিন দেওয়া উচিত।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। সেখানে উসকানিমূলক স্লোগান ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে তদন্তে দাবি করা হয়, ওই মিছিলে অর্থায়নের সঙ্গে সাবেক এমপি বুবলীর সম্পৃক্ততা রয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন ১০ জনের নাম উল্লেখসহ আরও ৩০–৪০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে বুবলীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতে জানানো হয়।

এর আগে, তিনি ডিএমপি তেজগাঁও থানার আরেকটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে তার আইনি প্রক্রিয়া আরও জটিল হলো।