


কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি রেখে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা পৌর এলাকার কৃষি কলেজের অদূরে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমানকে (২৪) প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশাযোগে তিতাস উপজেলার দিকে রওনা হন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় দুইটি মোটরসাইকেলে করে আসা আশিকুর রহমান ও তার সহযোগীরা তাদের পথরোধ করে।
পরে অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আলাদা করে রেখে আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঘটানোর পর অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ভুক্তভোগীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ঘটনার পরপরই পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। ভুক্তভোগী নারী নিজেই মামলা করেছেন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানান, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।