Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সরকারি স্কুলের বারান্দায় ভিক্ষুকের মরদেহ, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারি স্কুলের বারান্দায় ভিক্ষুকের মরদেহ, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা!

May 12, 2026 05:00:47 PM   অনলাইন ডেস্ক
সরকারি স্কুলের বারান্দায় ভিক্ষুকের মরদেহ, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা!

গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে ভিক্ষুক বলে ধারণা করা হলেও, তার সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করতেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষা করেন। রাতে থাকার কোনো স্থায়ী জায়গা না থাকায় নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেন তিনি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় কয়েকজন তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে একটি জাতীয় পরিচয়পত্রও পাওয়া গেছে।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং স্বজনদের খোঁজ করার চেষ্টা চলছে। প্রকৃত স্বজন পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ও উদ্ধার হওয়া টাকা তাদের কাছে হস্তান্তর করা হবে।