


টাঙ্গাইল প্রতিনিধি:
পন্নি পরিবারের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোর্শেদ আলী খান পন্নি। সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন নথিপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মোর্শেদ আলী খান পন্নি অভিযোগ করেন, একটি মহল তাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টা চালিয়েছে। ওই মহলটিই গত শুক্রবার কিছু মানুষকে জড়ো করে একটি মানববন্ধনের আয়োজন করেছিল।
তিনি আরও দাবি করেন, ওই ঘটনায় বিএনপির কয়েকজন স্থানীয় নেতার নাম জড়িয়ে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত বিএনপির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বীরনাহালী গ্রামে মাটি উত্তোলনের প্রতিবাদে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছিল।