


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর এ আসনে জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ফলে জামায়াত–সমর্থিত জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এবার ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। বিএনপির সমর্থন পাওয়ায় এ আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী না থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে মৌখিক নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তারেক মুন্সী আরও বলেন, দল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জোটের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেবিদ্বারের ভোটারদের উদ্দেশে তিনি ট্রাক প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে। এতে নির্বাচনী মাঠে জোটের অবস্থান আরও শক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।