Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ১২০ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৭০৪০ বাংলাদেশি হজযাত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১২০ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৭০৪০ বাংলাদেশি হজযাত্রী!

May 06, 2026 05:34:43 PM   আন্তর্জাতিক ডেস্ক
১২০ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৭০৪০ বাংলাদেশি হজযাত্রী!

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে মোট ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন।

বুধবার (৬ মে) সকালে প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কা -এ ৮ জন এবং মদিনা -এ ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস -এর ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনস -এর ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাস -এর ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকি করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।