


২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এবারের মনোনয়ন তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক বিশ্বনেতার নাম উঠে এসেছে। আন্তর্জাতিক কূটনীতি ও সংঘাত নিরসনে ভূমিকার কারণে বিভিন্ন দেশের সমর্থন পাওয়া ট্রাম্পকে এবার অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেন, মলদোভা ও জাতিসংঘের কয়েকজন শীর্ষ ব্যক্তিত্বও আলোচনায় রয়েছেন।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মনোনয়ন প্রক্রিয়ায় প্রতি বছর নতুন নতুন নাম ও প্রস্তাব যুক্ত হওয়ায় তালিকাটি বৈচিত্র্যময় হয়ে উঠছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে মনোনয়ন পাওয়ার কারণে ট্রাম্প এবারের দৌড়ে উল্লেখযোগ্য অবস্থানে আছেন। ইসরাইল, পাকিস্তান এবং কম্বোডিয়ার কিছু নেতাও তার শান্তি উদ্যোগকে সমর্থন জানিয়েছেন, যা তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে ধারণা করা হচ্ছে।
নোবেল কমিটির নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই দায়িত্ব পালন করছেন এবং মনোনয়ন তালিকার বৈচিত্র্য তাকে বিস্মিত করেছে। তার মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি পুরস্কারের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
অন্যদিকে নরওয়ের আইনপ্রণেতা লার্স হাল্টব্রেকেন আর্কটিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অবদানের জন্য গ্রিনল্যান্ডিক-ড্যানিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিটজ এবং মার্কিন সিনেটর লিসা মারকোভস্কিকে মনোনীত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা আর্কটিক অঞ্চলে সহযোগিতা ও আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
এছাড়া এবারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরও যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মলদোভোর প্রেসিডেন্ট মাইয়া সান্দু, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ।
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া সাধারণত গোপন রাখা হয়। তবে নিয়ম অনুযায়ী, আগামী ৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে। এরপর ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী ওসলোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।