Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, আতঙ্কে জনজীবন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, আতঙ্কে জনজীবন

May 04, 2026 04:52:09 PM   আন্তর্জাতিক ডেস্ক
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, আতঙ্কে জনজীবন

ফিলিপাইনে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যাঞ্চলীয় সামার দ্বীপ। হঠাৎ আঘাত হানা এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মধ্য ফিলিপাইনের সামার দ্বীপে, উপকূলীয় শহর সান জুলিয়ানের প্রায় ৯ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩.৩ কিলোমিটার, যা মাঝারি গভীরতায় সংঘটিত হওয়ায় বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ছিল “শক্তিশালী ও আকস্মিক”, যার ফলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি জানান, তাদের পুলিশ স্টেশনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু আসবাবপত্র নড়ে যায়।

ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কায় স্থানীয় পুলিশ ও সাধারণ মানুষ নিরাপদ স্থানে অবস্থান নেয় বলে জানা গেছে।

তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। এর আগে গত অক্টোবরে ৭.৪ ও ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পূর্ব মিন্দানাও এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছিল।