


আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ
বিশ্বের আকাশে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে গ্রহণের পুরো সময়টিতে বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে দেশের কোনো স্থান থেকেই এটি দেখা যাবে না।
আইএসপিআর জানায়, এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি বিশ্বের কয়েকটি নির্দিষ্ট অঞ্চল থেকে সরাসরি দেখা যাবে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন স্থান থেকে গ্রহণটি প্রত্যক্ষ করা সম্ভব হবে।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে, তখন আকাশে তাকে স্বাভাবিকের চেয়ে ছোট দেখায়। সে সময় চাঁদ সূর্যের সামনে এলেও পুরো সূর্যকে ঢাকতে পারে না। ফলে সূর্যের প্রান্তিক অংশ একটি উজ্জ্বল আংটির মতো দেখা যায়, আর মাঝখানে থাকে অন্ধকার অংশ। এই দৃশ্যকেই বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতোই বলয়গ্রাস গ্রহণের সময়ও পৃথিবীর উপর একটি নির্দিষ্ট ছায়াপথ তৈরি হয়। এই ছায়াপথের মধ্যে যেসব অঞ্চল পড়ে, সেসব স্থান থেকেই আকাশে সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায়। পৃথিবীর অন্যান্য অঞ্চলে আংশিক গ্রহণ দেখা যেতে পারে, আবার অনেক স্থানে—বাংলাদেশের মতো—গ্রহণের সময় সূর্য দৃশ্যমান না থাকায় সেটি দেখা সম্ভব হয় না।