


পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সৌদি আরবে প্রথম হজযাত্রীদের আগমনের মধ্য দিয়ে। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজের প্রথম কাফেলা পৌঁছালে তাদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের প্রথম দফা হজযাত্রী বহনকারী ফ্লাইট মদিনা বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে শুরু হয় এ বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম।
বিমানবন্দরে পৌঁছানোর পর আল্লাহর মেহমানদের ফুল ও খেজুর দিয়ে স্বাগত জানান সৌদি কর্তৃপক্ষের কর্মকর্তারা। হজযাত্রীদের সেবায় বিমানবন্দরে আগে থেকেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছিল। আগতদের দ্রুত ও নিরাপদে সেবা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়।
প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের মদিনার পবিত্র মসজিদে নববীতে নেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে তারা নামাজ আদায় ও ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন। নির্ধারিত সময় শেষে তারা মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং হজের মূল কার্যক্রম পালনের জন্য ইহরাম বাঁধবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও হাজারো হজযাত্রী মদিনা ও জেদ্দা বিমানবন্দরে পৌঁছাবেন। তাদের জন্য পরিবহন, আবাসন ও চিকিৎসাসহ সব ধরনের সেবা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের জন্য আলাদা সহায়তা দল সার্বক্ষণিক কাজ করছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এ বছর মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলাম ধর্মে হজকে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে একবার পালনযোগ্য একটি ফরজ ইবাদত হিসেবে গণ্য করা হয়।