Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / আজ বিশ্ব মা দিবস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ বিশ্ব মা দিবস

May 10, 2026 12:55:05 AM   অনলাইন ডেস্ক
আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক মা-যিনি সন্তানের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতেও পিছপা হন না। ইতিহাস, সাহিত্য, সিনেমা- সবখানেই মায়ের ত্যাগ ও ভালোবাসা নিয়ে লেখা হয়েছে অসংখ্য গল্প, নির্মিত হয়েছে বহু চলচ্চিত্র। ধর্মেও মা কে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মা সম্পর্কে বিশ্বনেতাদের মূল্যায়নও গভীর অর্থবহ। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন-”যার মা আছে, সে কখনোই গরীব নয়।” এই একটি বাক্যেই যেন মায়ের অবস্থান ও গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিন, যা বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। বাংলাদেশেও দিনটি ঘিরে রয়েছে বিভিন্ন কর্মসূচি, সম্মাননা প্রদান ও পারিবারিক উদযাপনের আবহ।

মা দিবসকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম আয়োজন হলো রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। মহাখালী ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন সেন্টারে সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই সম্মাননার মাধ্যমে সমাজে বিশেষ অবদান রাখা মায়েদের সম্মান জানানো হবে।

এদিকে মা দিবস উপলক্ষে সন্তানেরা তাদের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন বিভিন্ন উপহার দিয়ে। ফুল, শাড়ি, কার্ডসহ নানা উপহার সামগ্রী দিয়ে মাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। অনেক পরিবারে দিনটি বিশেষভাবে উদযাপনের জন্য একসঙ্গে সময় কাটানো, খাবারের আয়োজন এবং ছোট ছোট পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

মা দিবসকে ঘিরে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট ও ফ্যাশন ব্র্যান্ডেও বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থা করা হয়েছে, যা দিনটিকে আরও উৎসবমুখর করে তুলেছে। শপিং সেন্টারগুলোতেও দেখা যাচ্ছে ভিড় ও ব্যস্ততা।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, মা দিবস শুধুমাত্র একটি দিনের উদযাপন নয়। একজন মা যেভাবে নিঃস্বার্থভাবে সন্তানকে লালন-পালন করেন, তার ঋণ কোনোদিনই পুরোপুরি শোধ করা সম্ভব নয়। তাই মায়ের প্রতি ভালোবাসা ও যত্নকে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে বিশ্ব মা দিবস ২০২৬ বাংলাদেশেও হয়ে উঠেছে এক হৃদয়ছোঁয়া ও তাৎপর্যপূর্ণ দিন।