


জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজনের আহ্বানসহ মোট পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটটি দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী ও সমমনা দলসমূহ।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত এই আট দলের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা দেড়টায় মগবাজার আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং করা হয়। এই প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। একইসঙ্গে তারা সকল ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। এরপর ১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগরী পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ১৬ নভেম্বর সকাল ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে আল ফালাহ মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি জনগণের এই দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে ওই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এই ঘোষিত কর্মসূচি সর্বতোভাবে সফল করার জন্য দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক এবং ট্রাফিক পুলিশসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এই যৌথ বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার; ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন; খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী; জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এএসএম আনোয়ারুল হক চান, সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।