


তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ রংপুর নারী বিভাগ। রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলেই নারীদের নিয়ে সমাজে যে অবজ্ঞার দৃষ্টিভঙ্গি রয়েছে সেটি পাল্টে যাবে আর গৌরবময় ইতিহাসে প্রতিষ্ঠিত হবে নারিদের মর্যাদা। সোমবার (৪ মে ২০২৬) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় সর্বস্তরের নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন নারী সম্পাদক সামছুন্নাহার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের নারী নেত্রী উম্মে হানি ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, ১৪০০ বছর আগে আল্লাহর রাসুল (সা.) প্রতিষ্ঠিত সমাজব্যবস্থায় নারীরা সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন। ইসলাম নারীদের এমন উচ্চ মর্যাদা ও অধিকার দিয়েছে, প্রয়োজনে যুদ্ধক্ষেত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও অবদান রাখার সক্ষমতা প্রদান করেছে। যা আজ তথাকথিত পাশ্চাত্য দর্শনে নেই।
তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর রাসূলের সময় নারীরা শালীনতা বজায় রেখে বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। অথচ বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রজীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না থাকায় নারীরা অবজ্ঞা ও বঞ্চনার শিকার হচ্ছেন, বঞ্চিত হয়েছেন প্রকৃত অধিকার থেকে। তাই মানুষের তৈরি বিদ্যমান কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারলেই নারীদের প্রকৃত মুক্তি ও গৌরবময় মর্যাদা নিশ্চিত করা সম্ভব। হেযবুত তওহীদের এই উদ্যোগের সাথে সর্বস্তরের নারীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সংগঠনের আঞ্চলিক নারী নেত্রী বেবী আক্তার। তিনি তার বক্তব্যে একশ্রেণীর ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তাওহীদের এই মহতী উদ্যোগের কাজকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন। সকল অপচেষ্টা ও ধর্মীয় কুসংস্কার আর মিথ্যা ফতোয়ার বেড়াজাল ভেদ করে সর্বস্তরের নারীদেরকে হেযবুত তওহীদের এই উদ্যোগের সাথে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও ছিলেন সংগঠনের বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক সাবিহা আফরোজ কেয়া, স্বাস্থ্য সম্পাদক নাসিমা আক্তার, জেলা নারী বিভাগের সদস্য নার্গিস বেগম, ছাত্র ফোরামের স্থানীয় নারী নেত্রী আমেনা আক্তারসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।
হেযবুত তওহীদ নারী বিভাগের এমন উদ্যোগের সাথে উপস্থিত সকল নারীরা একাত্মতা ঘোষণা করেন এবং জীবন ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে জনমত তৈরিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।