


ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা এবং নাগরিক দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের ভুক্তভোগী জনগণ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীতে সমীর প্লাজার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আশুলিয়া থানার অধীনে বিভিন্ন এলাকা, বিশেষ করে ইয়ারপুর ইউনিয়নের জামগড়াসহ আশপাশের রাস্তাগুলো বছরের বারো মাসই পানিতে ডুবে থাকে। এতে এলাকার প্রায় ৭ লাখ শিল্প শ্রমিকের জীবনযাত্রা, যান চলাচল এবং স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বক্তারা অভিযোগ করে বলেন, চলমান আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে এলাকার পুরনো ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এর সাথে যুক্ত হয়েছে স্থানীয় প্রভাবশালী মহলের খাল দখল। এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ "নয়নজুলি খাল" দখল করে স্থাপনা নির্মাণ করায় পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এই তীব্র জলাবদ্ধতার কারণে মারাত্মক পরিণতি ভোগ করছে এলাকাবাসী। আশুলিয়ার প্রায় এক হাজারের বেশি গার্মেন্টস কারখানার অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এতে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত পানির কারণে মানুষের মধ্যে চুলকানি, অ্যালার্জিসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে এবং জমে থাকা পানিতে ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। এছাড়া, আশুলিয়া বাইপাস সড়কটি একটি "মৃত্যুপুরী"-তে পরিণত হয়েছে, যেখানে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশের অন্য এলাকার তুলনায় আমরা আশুলিয়াবাসী সরকারকে বেশি কর দিই, কিন্তু সব ধরনের নাগরিক সুবিধা থেকে আমরাই বঞ্চিত ও অবহেলিত।" তারা আরও জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেনেজ ব্যবস্থার সাথে এলাকার পানি নিষ্কাশনের সংযোগ স্থাপন করা হবে বলে আশা করা হলেও কর্তৃপক্ষ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে, যা এলাকাবাসীকে চরম হতাশ করেছে।
এই মানববন্ধনে দলমত নির্বিশেষে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আবু শহীদ ভুঁইয়া, লায়ন কে এম আকতার হোসেন, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ মোর্শেদ আলম ভুঁইয়া, আশুলিয়া থানা জামায়াতের সেক্রেটারি মোঃ আবুল হোসেন মীর, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মানববন্ধন থেকে অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, রাস্তাঘাট সংস্কার এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত এলাকাবাসী।