


ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির বাসিন্দা এবং ‘সততা অয়েল মিল’-এর মালিক ছিলেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নজরুল প্রাইমারি স্কুলের সামনে তিনি ও তার সহকারী মো. ওমর ফারুক ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন। এ সময় অতিরিক্ত তাপের কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে মাসুদকে ঢাকায় নেওয়া হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তার সহকারী ওমর ফারুক এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের মতে, মাসুদ নতুন নতুন পদ্ধতিতে কাজ করার চেষ্টা করতেন। সাম্প্রতিক সময়ে ইউটিউব দেখে এই কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
সোনাগাজী মডেল থানা জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।