


কুমিল্লা প্রতিনিধি:
“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।
প্রতিযোগিতায় শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০টি কলেজের ২১১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ক্রীড়া হচ্ছে মানুষের উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) মো. মাসুম মিল্লাত মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া। পুরো অনুষ্ঠানটির চমৎকার সঞ্চালনায় ছিলেন আবুল হাসনাত বাবুল এবং বদরুল হুদা জেনু।
একই দিন বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন এবং শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া। উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।