


স্মার্টফোন যুগে আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে তোলার জন্য নানা ধরনের অ্যাপ তৈরি হচ্ছে। এবার রমজানের মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে, তা জানা যাবে একটি নতুন অ্যাপের মাধ্যমে। ‘বিরিয়ানি দিবে’ নামের এই অ্যাপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে, কোন মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে এবং ব্যবহারকারীরা আগেভাগেই এই তথ্য পেতে পারছেন।
এই অভিনব অ্যাপটির উদ্ভাবক আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন। তিনি জানান, প্রতিটি রমজানে মসজিদে বিরিয়ানি দেওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ অনেক বেশি থাকে। সেই ধারণা থেকেই তিনি এই অ্যাপ তৈরি করেছেন।
অ্যাপটিতে লাইভ লোকেশন যুক্ত করা হয়েছে, ফলে ব্যবহারকারীরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সহজেই জানতে পারবেন কোথায় আজ বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে। এছাড়া, যে কেউ চাইলে নিজের এলাকার মসজিদে ইফতারের আয়োজন হলে তা এই অ্যাপে আপডেট করতে পারবেন, যাতে অন্য ব্যবহারকারীরাও জানতে পারেন।
‘বিরিয়ানি দিবে’ অ্যাপটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এবং ব্যবহারকারীরা মজার ছলে একে শেয়ার ও মন্তব্যের মাধ্যমে আরও সক্রিয়ভাবে ব্যবহার করছেন। এটি শুধু তথ্য দেয়ার মাধ্যম নয়, বরং রমজানের ইফতারকে আরও সামাজিক ও আনন্দময় করে তুলছে।