Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৫ মে’র টিকিট মিলছে আজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৫ মে’র টিকিট মিলছে আজ

May 15, 2026 12:02:55 PM   দেশেরপত্র ডেস্ক
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৫ মে’র টিকিট মিলছে আজ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৫ মে) থেকে অনলাইনে ২৫ মে তারিখের টিকিট বিক্রি চলছে। ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে পুরো টিকিট ব্যবস্থাই শতভাগ অনলাইনভিত্তিক করা হয়েছে, ফলে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারছেন।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি নির্দিষ্ট সময়সূচি ও অঞ্চলে ভাগ করে পরিচালনা করা হচ্ছে, যাতে সার্ভার চাপ ও যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা যায়।

রেলওয়ের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি চালু হয়। এই বিভক্ত ব্যবস্থার মাধ্যমে অনলাইন টিকিটিং সিস্টেমে চাপ কমানো হচ্ছে।

ঈদ উপলক্ষে রেলওয়ে এবার পাঁচ দিনের অগ্রিম টিকিট একাধিক ধাপে বিক্রি করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী—

  • ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে
  • ২৪ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৪ মে
  • ২৫ মে’র টিকিট বিক্রি হচ্ছে ১৫ মে
  • ২৬ মে’র টিকিট বিক্রি হবে ১৬ মে
  • ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একবারে সর্বাধিক চারটি টিকিট সংগ্রহ করা যাবে। একই সঙ্গে ঈদ অগ্রিম টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়।

যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থায় যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদকে কেন্দ্র করে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে রেলওয়ের এই আগাম প্রস্তুতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।