


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে মো. শাকিল আহমেদ (২৪) নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের ছবি যুক্ত করে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে সত্যতা পায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।