


পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীত অনুষ্ঠান ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এ কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস।
আয়োজক সূত্রে জানা গেছে, লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভো-তে বিকেল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন। কনসার্টে জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করে দর্শকদের জন্য স্মরণীয় এক সন্ধ্যা উপহার দেবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা জানিয়েছে, এটি পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে।
কনসার্ট উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। পাশাপাশি প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।
ইতোমধ্যেই কনসার্টটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।