


পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর নির্বাচনী প্রচারে এক অদ্ভুত ও হাস্যরসাত্মক ঘটনা ঘটেছে, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। প্রচারণার ভিড়ের মধ্যে এক নারী হঠাৎ তার সামনে এসে হরলিক্স খাওয়ানোর চেষ্টা করলে পুরো পরিস্থিতি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের নদীয়ার করিমপুরে নির্বাচনী প্রচারের সময়। তৃণমূল প্রার্থী হিসেবে সোহম চক্রবর্তী এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। তখনই দলীয় কর্মীদের ভিড়ের মধ্যে এক নারী হাতে হরলিক্সের প্যাকেট, বাটি ও পানি নিয়ে তার সামনে উপস্থিত হন।
নারীটি নিজেই প্যাকেট খুলে হরলিক্স তৈরি করতে শুরু করেন। তবে সোহম বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ইঙ্গিত দেন যে এটি প্রয়োজন নেই। কিন্তু ওই নারী জোর দিয়ে বলেন, তিনি ছোটবেলা থেকে সোহমের অভিনয় দেখছেন এবং আজ তাকে হরলিক্স খাওয়াতেই চান।
পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হলেও সোহম বিষয়টি হাস্যরসের মাধ্যমে সামাল দেন। তিনি হেসে বলেন, সেখানে ছোট শিশুরাও আছে, তাদেরই এটি দেওয়া যেতে পারে। এতে পুরো ঘটনাটি এক পর্যায়ে হালকা মজার মুহূর্তে পরিণত হয়।
উল্লেখ্য, সোহম চক্রবর্তীর ক্যারিয়ার শুরু হয় মাত্র তিন বছর বয়সে শিশু শিল্পী হিসেবে। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোটবউ’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সেই সময় তার একটি সংলাপ ও হরলিক্স সংক্রান্ত দৃশ্য তাকে ‘হরলিক্স বয়’ হিসেবে পরিচিত করে তোলে, যা আজও ভক্তদের মনে রয়ে গেছে।
পরে তিনি ২০০৭ সালে ‘চাঁদের বাড়ি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে ফিরে আসেন। ২০০৯ সালের ‘প্রেম আমার’ সিনেমা তার ক্যারিয়ারের বড় মাইলফলক হয়ে ওঠে। এরপর একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি টলিউডে নিজের অবস্থান শক্ত করেন।
রাজনীতিতেও সক্রিয় সোহম চক্রবর্তী ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি অভিনয় ও রাজনীতি—দুই ক্ষেত্রেই সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।