


রংপুরের কাউনিয়ায় মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ পাপিয়া সুলতানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার এবং প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
সভা শেষে দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।