


কুমিল্লা বিভাগ গঠনের দাবি জনগণের পক্ষ থেকে এলে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
দুপুরে অনুষ্ঠিত ওই পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের দল হিসেবে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি খাতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পরপরই প্রায় ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যা কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দিয়েছে বলে দাবি করেন তিনি।
কুমিল্লার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই অঞ্চল থেকে দেশের বিভিন্ন জায়গায় কৃষিপণ্য সরবরাহ করা হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে তিনি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, অতীত সরকারের সময়ে দেশ রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও অর্থপাচারের কারণে অর্থনৈতিকভাবে চাপে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
পথসভায় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “কাজ করবো দেশ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই স্লোগান দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। আরও উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা।