Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লার রোবাস্ট লাইফ হাসপাতালে বৃদ্ধাকে অজ্ঞান করে লুটপাট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লার রোবাস্ট লাইফ হাসপাতালে বৃদ্ধাকে অজ্ঞান করে লুটপাট

May 05, 2026 12:32:12 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লার রোবাস্ট লাইফ হাসপাতালে বৃদ্ধাকে অজ্ঞান করে লুটপাট

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর লাকসাম রোডের রোবাস্ট লাইফ হাসপাতালে এক বৃদ্ধাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গত ৩ মে রবিবার দুপুরে হাসপাতালের ভেতরেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম নাছিমা বেগম। তিনি কুমিল্লার চম্পক নগর এলাকার বাসিন্দা। এই ঘটনায় তিনি অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়, চিকিৎসার জন্য নাছিমা বেগম ওই দিন দুপুর ১২টার দিকে রোবাস্ট লাইফ হাসপাতালে যান। তিনি হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই পুরুষ ও এক নারী তাকে ঘিরে ধরে। তারা চিকিৎসার বিষয়ে কথা বলার একপর্যায়ে তাকে কোনো একটি কড়া ঘ্রাণযুক্ত দ্রব্য শুকিয়ে দেয়। এতে তিনি দ্রুতই প্রায় অচেতন হয়ে পড়েন।

সেই সুযোগে চক্রটি তার সাথে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগের ভেতর চিকিৎসার জন্য রাখা নগদ ২৫ হাজার টাকা, প্রয়োজনীয় ওষুধ ও কাগজপত্র ছিল। এ ছাড়া তারা নাছিমা বেগমের গলা থেকে ৮ আনা ওজনের একটি সোনার চেইন এবং কান থেকে এক জোড়া দুল খুলে নিয়ে যায়।

ভুক্তভোগী নাছিমা বেগম বলেন, তিনি একজন অসহায় মানুষ। তাকে একা পেয়ে পরিকল্পিতভাবে এই চক্রটি তার বড় ধরণের ক্ষতি করেছে। তিনি অসুস্থ হয়ে পড়ায় সাথে সাথে ব্যবস্থা নিতে পারেননি। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সদস্যদের সাথে থানায় গিয়ে অভিযোগ করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।