Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই, দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই, দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

May 05, 2026 12:58:01 PM   দেশেরপত্র ডেস্ক
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই, দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দেশের আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার মারা গেছেন। দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্যে থাকা এই ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন, সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারের ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান।

সিকদার গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই রন হক সিকদারের মৃত্যু ঘটে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে তিনি লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

রন হক সিকদার দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপের শীর্ষ পর্যায়ে ছিলেন। ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি একাধিক আর্থিক অনিয়ম ও বিতর্কের কারণে ব্যাপক আলোচনায় আসেন।

২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করে, যেখানে তার ভাই রিক হক সিকদারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় মোট ৭১ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

এর আগে ২০২০ সালে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে গুলশান থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সংক্রান্ত একটি মামলা করা হয়, যেখানে ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উল্লেখ করা হয়।

এছাড়া আর্থিক অনিয়ম, মানিলন্ডারিং ও অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক তদন্ত ও মামলা চলমান ছিল। এসব ঘটনায় দীর্ঘদিন ধরে তিনি বিদেশে অবস্থান করছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও তিনি এবং তার পরিবারের সদস্যরা অপসারিত হন। এক সময় দেশের প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিত সিকদার পরিবারের এই শীর্ষ ব্যক্তিত্বের মৃত্যুতে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।