Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া - দৈনিক দেশেরপত্র - মানবত...

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

May 05, 2026 12:46:12 PM   ক্রীড়া ডেস্ক
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগে শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়া অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

সোমবার (৪ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খুরশিদা আক্তার খুশি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ মে) বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

খুরশিদা আক্তার খুশি ছিলেন বাংলাদেশের নারী জিমন্যাস্টিক্সের পথিকৃৎদের একজন। সত্তর ও আশির দশকে তিনি এমন সময়ে খেলাধুলায় অংশ নেন, যখন নারীদের জন্য জিমন্যাস্টিক্স ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ও সীমিত সুযোগের একটি ক্ষেত্র। তবুও তিনি নিজের প্রতিভা ও পরিশ্রমে ক্রীড়াঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেন।

১৯৭৭ সালের ২০ জুলাই দেশের প্রথম ক্রীড়া পত্রিকার প্রচ্ছদে স্থান পাওয়াও তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়। শুধু জিমন্যাস্টিক্স নয়, তিনি জুডোতেও ছিলেন চ্যাম্পিয়ন, যা তাকে বহুমুখী ক্রীড়াবিদ হিসেবে পরিচিতি দেয়।

পরবর্তীতে তিনি জিমন্যাস্টিক্সকেই পেশা হিসেবে বেছে নেন এবং খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে তার অবদান ক্রীড়াঙ্গনে বিশেষভাবে স্মরণীয়।

তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। দেশের ক্রীড়া ইতিহাসে তার নাম একজন অগ্রগামী ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।