Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ৬টি দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ৬টি দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

June 10, 2025 02:04:06 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় ৬টি দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১১টি মামলার আসামি সাজ্জাদ হোসেন খোকাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন, ২০২৪) রাতে পরিচালিত এক অভিযানে তার কাছ থেকে রামদা, ছোরাসহ ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির একটি দল সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাকতলা সার্ভে ইনস্টিটিউটের পেছনে একটি টিনের ঘরে অভিযান চালিয়ে খোকাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন খোকা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

অভিযানের বিষয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় খোকার সহযোগী মশু (৩৫) নামে আরেকজন পালিয়ে যায়। পলাতক মশু কোতোয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল থেকে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ৪৭.৫ ইঞ্চি লম্বা বড় দা, একটি ২৮ ইঞ্চি লম্বা রামদা, একটি ২৪ ইঞ্চি লম্বা স্টিলের চাকু, একটি ১১.৫ ইঞ্চি লম্বা ছোরা, একটি ১৭ ইঞ্চি লম্বা ছোট দা, একটি ১৮.৫ ইঞ্চি লম্বা কাটিং প্লাস।

এই ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১৩, তারিখ: ১০/০৬/২০২৪)। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।