Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

October 06, 2025 07:23:04 PM   স্টাফ রিপোর্টার
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে পূর্বঘোষিত এক পথসভাকে কেন্দ্র করে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (০৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালকিনি উপজেলা চত্বরে পথসভার আয়োজন করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা। সভা চলাকালে বিএনপির প্রতিপক্ষ একটি গ্রুপ অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সংঘর্ষ ও হামলায় অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা চাকমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা এবং স্থানীয় সাংবাদিক সবুজ খানসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে উপজেলা চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, "বিএনপির এক গ্রুপের পথসভায় অন্য একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিকসহ উভয়পক্ষের প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"