Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাপায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাপায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত

April 25, 2026 06:48:04 PM   অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাপায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি বালুবাহী ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টেংগনমারী টু কিশোরগঞ্জ সড়কের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রবিউলের ছেলে লিটনও গুরুতর আহত হয়েছেন।

নিহত রবিউল ইসলাম উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রবিউল তার ছেলে লিটনকে নিয়ে কিশোরগঞ্জ বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী মাহিন্দ্র ট্রলি তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রবিউল রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রলির নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভ্যানে থাকা তার ছেলে লিটন পাশের একটি স্কুলের দেয়ালে আছড়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রলির চালক এবং তার সহকারী দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের মানুষ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। লিটন বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, এলাকায় অবৈধ বালুবাহী ট্রলিগুলো নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে চলাচল করছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি না থাকায় প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। দ্রুত এসব অবৈধ যান চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।