


কুড়িগ্রামের সদর উপজেলায় চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচ্চির ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে কুড়িগ্রাম সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। আটক ব্যক্তিদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে একজন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকারকর্মীরা এ ধরনের গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।