Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গোপালগঞ্জে হেযবুত তওহীদের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গোপালগঞ্জে হেযবুত তওহীদের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

April 25, 2026 06:48:52 PM   স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে হেযবুত তওহীদের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোপালগঞ্জে দেশের বর্তমান অস্থিরতা ও সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভা এবং ঈদ পুনর্মিলনী করেছে হেযবুত তওহীদ। শনিবার ২৫ এপ্রিল শহরের মুন্সী আকরামুজ্জামান পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন জেলার নেতা ও কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি এবং প্রবাসী আয়ের ওপর বড় প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। এই সম্ভাব্য সংকট মোকাবিলায় এখন থেকেই সচেতন হওয়া এবং সুসংগঠিত প্রস্তুতি নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে এবং দেশি পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এছাড়া প্রতিটি পরিবারকে পরিকল্পিতভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে। আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য তিনি নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সভাপতি সাফায়েত হোসেন, বরিশাল বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ মোহাম্মদ আলী আহসান, গোপালগঞ্জ সদর থানা সভাপতি মোল্লা মামুন এবং শরীয়তপুর জেলা সহ সভাপতি কামাল হোসেন সরদার। এছাড়া সমাজসেবী চৌধুরী আরমান কবির চয়ন, ইকরাম খান এবং জেলা নারী নেত্রী আখি খানম সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং সঞ্চয় করা খুব প্রয়োজন। তারা সাধারণ মানুষকে উৎপাদনমুখী কাজে যুক্ত হওয়া এবং সামাজিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে আনন্দঘন পরিবেশে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, দৌড় এবং হাঁড়িভাঙাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমেই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।