Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / জাজিরায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ১০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ১০

February 19, 2026 09:08:39 PM   অনলাইন ডেস্ক
জাজিরায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ১০

শরীয়তপুরের জাজিরা এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর সংলগ্ন জমদ্দার স্ট্যান্ড (কালু বেপারী কান্দি) আন্ডারপাস এলাকায়।

নিহতরা হলেন স্টার এক্সপ্রেস বাসের চালকের সহকারী আকাশ সরদার (৩১) এবং সুপারভাইজার ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনই গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ও শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস যাত্রী তুলতে জমদ্দার স্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা খান পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে খান পরিবহনের বাস দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আকাশ সরদার নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর অবস্থায় শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে স্টার এক্সপ্রেসের সুপারভাইজার ইউনুস মোল্লা মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০–৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অতিরিক্ত গতির কারণে স্টার এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা খান পরিবহনের বাসে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুটি বাস জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটে ঘটে এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। যেহেতু এটি হাইওয়ে এলাকা, তাই বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন। বাস দুটি থানার সামনে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।