


জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কাশিওয়াজাকি-কারিওয়া’ পুনরায় চালু করতে যাচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করার পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর দেশটির নির্ভরতা কমানোর জন্য।
২০১১ সালে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ সুনামি ও দুর্ঘটনার পর জাপান দেশের সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়। এরপর কঠোর নিরাপত্তা মান আরোপের মাধ্যমে মোট ১৪টি চুল্লি পুনরায় কার্যক্রম শুরু করেছে, যা মূলত দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে অবস্থিত।
বর্তমানে চলতি সপ্তাহেই স্থানীয় গভর্নরের কাছ থেকে কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম পুনরায় শুরু করার অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে। মধ্য নিগাতা প্রদেশের গভর্নর হিদেয়ো হানাজুমি আগামী শুক্রবার এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। তবে বিদ্যুৎকেন্দ্রের মোট সাতটি চুল্লির মধ্যে শুধুমাত্র একটি চুল্লিই প্রথম পর্যায়ে পুনরায় কাজ শুরু করবে।
যদি অনুমোদন মিলে যায়, এটি ফুকুশিমা দুর্ঘটনার পর ফুকুশিমা অপারেটর টেপকো কোম্পানির জন্য প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হওয়া হবে। জাপান সরকার ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য অনুযায়ী, পারমাণবিক শক্তিকে একটি নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন শক্তি উৎস হিসেবে সমর্থন করে আসছে।