


ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী তবিবার রহমান (৪৪), ছাত্রদলের কর্মী শিপন হোসেন (২৫), শিমুল হোসেন (২৪), বিএনপির কর্মী মো. হোসেন আলী (৫৫), তরু মিয়া (৪৮), শহিদুল ইসলাম (২৭), আবদুর রহমান (৫০) এবং যুবদলের কর্মী আবু কালাম (৩৫)। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গান্না ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর হোসেন জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় বিএনপির কিছু কর্মী সেখানে এসে সভা বন্ধ করতে বলেন। এতে জামায়াতের কর্মীরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।
তিনি আরও বলেন, সংঘর্ষে জামায়াতের কর্মী তবিবার রহমান গুরুতর আহত হয়েছেন। এছাড়া নারী কর্মীসহ আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আরিফ হোসেন বলেন, জামায়াতের নারী কর্মীরা আলোচনা সভায় সরকার ও বিএনপির নেতা–কর্মীদের নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপির কর্মীরা প্রতিবাদ জানালে জামায়াতের কর্মীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এতে বিএনপির অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সামসুল আরেফিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঝিনাইদহ সদর থানা বলেন, মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।