Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঝালকাঠির জন্য বরাদ্দ করা ৭ হাজার লিটার ডিজেল শরীয়তপুরে জব্দ: ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

ঝালকাঠির জন্য বরাদ্দ করা ৭ হাজার লিটার ডিজেল শরীয়তপুরে জব্দ: ব্যবসায়ীকে জরিমানা

April 01, 2026 11:36:04 AM   স্টাফ রিপোর্টার
ঝালকাঠির জন্য বরাদ্দ করা ৭ হাজার লিটার ডিজেল শরীয়তপুরে জব্দ: ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে শরীয়তপুরের নড়িয়ায় আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, এই বিপুল পরিমাণ জ্বালানি তেল বরিশালের ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু তা পথিমধ্যে সরিয়ে শরীয়তপুরে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভোজেশ্বর বাজারের জুয়েল সরদার নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি একটি তেলবাহী লরির মাধ্যমে অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল নিয়ে আসেন। বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নজরে এলে তারা স্থানীয় প্রশাসনকে অবগত করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এ সময় জিজ্ঞাসাবাদে জুয়েল সরদার অননুমোদিতভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে আনা পুরো ৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাকী দাস বলেন, "লরিতে থাকা ডিজেলগুলো বরিশাল ডিপো থেকে ঝালকাঠি যাওয়ার কথা ছিল। কিন্তু এই ব্যবসায়ী নিজের এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে তা অননুমোদিতভাবে নিয়ে আসেন, যা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। আমরা পদ্মা ডিপোতে কথা বলে নিশ্চিত হয়েছি যে, তারা এই ডিজেল এখানে বিক্রি করেনি।"

তিনি আরও বলেন, "যেহেতু তিনি এই জ্বালানি তেল সম্পূর্ণ বেআইনি ও অননুমোদিতভাবে এখানে এনেছেন, তাই পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ৭ হাজার লিটার ডিজেল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।"