


মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে রিনা বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবাগ এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী মো. বাবুলের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে বিকেলে হাসপাতালে চিকিৎসা নিতে যান রিনা বেগম। অভিযোগ রয়েছে, সেখানে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স হাবিবুর রহমানের তত্ত্বাবধানে তাকে একটি ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্বজন ও স্থানীয়রা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আহাম্মদ কবির বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।