


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শওকত হাসান (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত হাসান টঙ্গীর ২০/১ হোসেন মার্কেট এলাকার তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ জানান, শওকত হাসান মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গ্রিন ইউনিভার্সিটির একটি বাস (ঢাকা মেট্রো-স-১১-০৬৯৯) রং সাইড দিয়ে এসে তার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শওকত হাসান ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটি আটক করে। নিহতের লাশ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিজন মালাকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, "বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"