


টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের ৯ তলায় লিফটের সামনে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালের অব্যবস্থাপনা আর কর্মচারীদের অসতর্কতাকে এই মৃত্যুর জন্য দায়ী করছেন স্বজনরা।
নিহত মিজানুর রহমান (৭০) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোকসেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বেড খালি না থাকায় তাকে ৯ তলার লিফটের সামনে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। এ সময় হাসপাতালের এক কর্মচারী একটি অক্সিজেন সিলিন্ডার এনে তার মাথার পাশে রাখেন। কিন্তু সিলিন্ডারটি নিরাপদভাবে না রাখায় সেটি হঠাৎ মিজানুর রহমানের মাথায় পড়ে যায়।
সিলিন্ডারের আঘাতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। মিজানুর রহমানের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই চিৎকার করে ডাক্তার ও নার্সদের ডাকা হলেও তারা দ্রুত এগিয়ে আসেননি। দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়ে থাকার পর তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় প্রায়ই এমন বেড সংকট দেখা দেয়। মিজানুর রহমানকে লিফটের সামনে রেখে চিকিৎসা দেওয়ার সময় অক্সিজেনের ব্যবস্থা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা এই মৃত্যুর সঠিক তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।