Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ডিআইইউ ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে কঠোর অবস্থানে প্রশাসন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডিআইইউ ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে কঠোর অবস্থানে প্রশাসন

June 29, 2025 08:13:45 PM   অনলাইন ডেস্ক
ডিআইইউ ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে কঠোর অবস্থানে প্রশাসন

শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যান্টিনগুলোর খাবারের মান ও পরিবেশ যাচাইয়ে পরিদর্শনে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম দুটি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে দেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, ক্যান্টিনের খাবারের দাম, মান ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মহিউদ্দীন বলেন, “প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি। আশা করি, এর মাধ্যমে ক্যান্টিনের খাবারের মান ভালো হবে এবং দামও শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে আসবে। আমাদের কথা ভেবে এমন উদ্যোগ নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।”
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাজ্জাদ হোসেন বলেন, “দুটি ক্যাম্পাসের চারটি ক্যান্টিনেই আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি, যা সংশোধন করা জরুরি। খাবারের দামের সঙ্গে মানের সামঞ্জস্য রাখতে হবে, পরিবেশ উন্নত করতে হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে কর্মীদের আচরণ আরও শোভন হতে হবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এখন থেকে এই ধরনের পরিদর্শন নিয়মিত পরিচালনা করা হবে।