Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ডাকাতের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডাকাতের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত!

May 12, 2026 10:57:07 AM   অনলাইন ডেস্ক
ডাকাতের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে চিহ্নিত ডাকাত বাহিনীর হামলার শিকার হয়েছেন র‍্যাব-৯ এর তিন সদস্য। হামলার সময় তাদের জিম্মি করে মারধর করা হয়। এ ঘটনায় একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১১ মে) বিকেলের দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন র‍্যাব-৯ এর গোয়েন্দা শাখার সদস্য কাজল, মালেক ও রাশেদ।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনার সূত্র ধরে এবং এলাকায় সক্রিয় ডাকাত শফিক বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে খাগাতোয়া গ্রামে যান র‍্যাবের তিন সদস্য। তারা গোপনে তথ্য সংগ্রহের কাজ চালানোর সময় স্থানীয় চিহ্নিত ডাকাত সদস্যরা তাদের উপস্থিতি টের পায়।

একপর্যায়ে শফিক বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে এবং জোরপূর্বক নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে মারধর করা হয়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে এক সদস্যের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

উদ্ধারের পর আহত তিন সদস্যকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। আহত সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, হামলায় জড়িত ডাকাত বাহিনীর সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।