


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় শরীয়তপুরের জাজিরা উপজেলা নাওডোবা ও মাদারীপুরের শিবচরের সীমান্তবর্তী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পদ্মা সেতু পার হওয়ার পর তস্তারকান্দি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর এলাকার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি স্বাভাবিকের তুলনায় দ্রুতগতিতে চলছিল। এছাড়া সকালে হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও পিচ্ছিল সড়কের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।
অন্যদিকে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম) বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।