


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ আহমেদের ডিজাইন করা এক হাজার টাকার নমুনা ব্যাংক নোট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার সৃষ্টি করেছে। নোটের সামনের অংশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি এবং পেছনের অংশে জাতীয় সংসদ ভবনের ছবি ব্যবহার করা হয়েছে।
সাদ আহমেদ নিজের ফেসবুক পেজে নোটটির ছবি শেয়ার করে এর বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। তিনি জানান, নোটের নকশায় সাবেক প্রধানমন্ত্রীর ছবির পাশাপাশি সংসদ ভবনের ‘অ্যাসেম্বলি হল’কে ফুটিয়ে তোলা হয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের ক্ষেত্রে নোটটিতে একটি অনন্য প্রযুক্তিগত উদ্ভাবনের ধারণা যুক্ত করেছেন। এর মাধ্যমে, জাল টাকা শনাক্ত করার বিশেষ লাইট নোটের ওপর প্রয়োগ করলে সংসদ ভবনের ভেতরের আলোকচ্ছটা উজ্জ্বল হয়ে উঠবে।
নোটটি প্রকাশের পর সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা এবং সৃজনশীল প্রযুক্তির মিশেল অনেককেই মুগ্ধ করেছে। যদিও এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত শৈল্পিক কনসেপ্ট এবং সরকারি কোনো সিদ্ধান্তের অংশ নয়, তবু বাংলাদেশের কারেন্সি ডিজাইনে এমন আধুনিক ভাবনার প্রয়োগ নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।