Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল, পশ্চিমবঙ্গে বিজেপির লিড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল, পশ্চিমবঙ্গে বিজেপির লিড

May 04, 2026 11:48:57 AM   আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল, পশ্চিমবঙ্গে বিজেপির লিড

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে তামিলনাড়ুতে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে এগিয়ে রয়েছে। একই সময়ে পশ্চিমবঙ্গ ও আসামের গণনায়ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই বিভিন্ন রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে ওঠে।

তামিলনাড়ুতে প্রাথমিক ভোট গণনায় সবচেয়ে আলোচনায় রয়েছে দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন নবগঠিত দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিভিকে এগিয়ে রয়েছে ১০৪ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে, আর এডিএমকে জোট রয়েছে ৭৭ আসনে এগিয়ে অবস্থানে।

নির্বাচনের আগে প্রকাশিত এক্সিট পোলগুলোতে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয় অনুমান করেছিল। তবে কিছু জরিপে এনডিএ জোট এবং থালাপতি বিজয়ের দলের ভালো ফলাফলের ইঙ্গিত দেওয়া হয়েছিল, যা এখন প্রাথমিক গণনায় প্রতিফলিত হচ্ছে।

এদিকে একই সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনাতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৭৫ আসনে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৫ আসনে।

আসামেও ভোট গণনা চলছে। সেখানে বিজেপি জোট ৯৩ আসনে এবং কংগ্রেস জোট ২৫ আসনে এগিয়ে রয়েছে বলে প্রাথমিক তথ্য জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনো গণনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে ফলাফলে পরিবর্তন আসতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি