Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দুই ঘণ্টা পরপর ভোটের হিসাব, নতুন নির্দেশ ইসির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুই ঘণ্টা পরপর ভোটের হিসাব, নতুন নির্দেশ ইসির

February 09, 2026 09:20:20 PM   দেশেরপত্র ডেস্ক
দুই ঘণ্টা পরপর ভোটের হিসাব, নতুন নির্দেশ ইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের অগ্রগতি পর্যবেক্ষণে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন চলাকালে প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন দুই ঘণ্টা অন্তর অন্তর প্রতিটি ভোটকেন্দ্রে কত ভোট পড়েছে, তার তথ্য সংগ্রহ করে পাঠাতে হবে।


এ লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকায় সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটররা নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেম (ইএমএস)-এ লগইন করে কেন্দ্রভিত্তিক ভোটের সংখ্যা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি সম্পন্ন হওয়ার পর সহকারী রিটার্নিং কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন দেবেন।


সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমোদনের পর সংশ্লিষ্ট তথ্য রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘কপোত ড্যাশবোর্ড’-এ দেখা যাবে। এর মাধ্যমে সার্বিক ভোটের হার ও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারবে কমিশন।


আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের অগ্রগতি নিয়মিতভাবে জানতে এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।