Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরামের সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মান...

রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরামের সংবর্ধনা

April 19, 2026 09:34:12 PM   অনলাইন ডেস্ক
রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরামের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিজয় অর্জন করায় আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং হক হোম অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর পুরানা পল্টন লাইনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক এবং ফোরামের উপদেষ্টা মো. এমদাদুল হকের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন জেলার পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আব্দুর রাজ্জাক ও এমদাদুল হক তাঁদের যোগ্যতা ও সততার মাধ্যমে শুধু রিহ্যাব নয়, বরং দেশের পুরো আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই জয় আমাদের কুষ্টিয়া জেলার জন্য বড় একটি গর্বের বিষয়।

ফোরামের মহাসচিব মহ: মনিরুজ্জামান বলেন, তাঁদের এই বিজয় প্রমাণ করে যে নিষ্ঠা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রিহ্যাবকে একটি স্বচ্ছ ও জনমুখী সংগঠনে পরিণত করবে। সংবর্ধনার জবাবে আব্দুর রাজ্জাক বলেন, এই বিজয় তাঁর একার নয়, বরং সব শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। তিনি রিহ্যাবকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। মো. এমদাদুল হক তাঁর বক্তব্যে আবাসন খাতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি সঞ্জিত কুমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতিউর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমিনুর রহমান এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মো. রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন মো. আইয়ুব হোসেন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন এবং মো. তৌহিদুজ্জামানসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে আবাসন খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং আধুনিক ও টেকসই নগর পরিকল্পনায় রিহ্যাব কার্যকর ভূমিকা রাখবে। কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উন্নয়নেও এই দুই নেতার দীর্ঘদিনের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।