


সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্তত ১৬ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিস্তার লাভ করছে, যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে গরমের অনুভূতি আরও তীব্র হবে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২২ মিলিমিটার।